খাগড়াছড়ি/পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় বেইলি সেতু ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে যাত্রীরা

খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী ছড়ার ওপর নির্মিত বেইলি সেতুর পাটাতন হেলে পড়ায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটির লংগদুসহ দেশের বিভিন্ন অঞ্চলের ভারী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পাথরবোঝাই একটি ট্রাকের ধাক্কায় সেতুটির পাটাতন হেলে পড়ে। এরপরই ঝুঁকি এড়াতে ভারী যানবাহন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ক্ষতিগ্রস্ত সেতুটিতে মেরামতকাজ শুরু হয়েছে। বর্তমানে মোটরসাইকেল ও ইজিবাইকের মতো হালকা যানবাহন চলাচল করলেও বাস ও ট্রাক চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
বাসচালক মো. মুন্না বলেন, সেতুতে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী নিয়ে যাতায়াত করতে পারছি না। বিকল্প পথে যেতে সময় ও খরচ দুটোই বেশি লাগছে। দ্রুত সেতুটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা প্রয়োজন।
পণ্যবাহী ট্রাকচালক মো. মীর হোসেন বলেন, গাড়ি আটকে থাকায় সময়মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না, ফলে পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ হচ্ছে। সেতুর কাজ দ্রুত শেষ হলে দুর্ভোগ থেকে কিছুটা রেহাই মিলবে।
স্থানীয় যাত্রী কৃষ্ণ দে জানান, বাস ও ভারী যানবাহন বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের বেশি কষ্ট পোহাতে হচ্ছে। তিনি দ্রুত বিকল্প সেতুর কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বেইলি সেতুর পাশেই আরেকটি বিকল্প বেইলি সেতুর সংস্কারকাজ চলছে। এটি শেষ হলেই আবার সব ধরনের ভারী যান চলাচল শুরু হবে।
সওজ-এর নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, বিকল্প সেতুটি মেরামতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আশা করছি আগামীকালের মধ্যেই কাজ সম্পন্ন করে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।
