নীলফামারীতে গলাকাটা অবস্থায় যুবককে রেললাইনের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা

নীলফামারীর সৈয়দপুরে হৃদয় ইসলাম নামে এক যুবককে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় রেলওয়ে কারখানার নিরাপত্তা প্রাচীরসংলগ্ন রেললাইনের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
আহত হৃদয় ইসলাম (২১) শহরের চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশে এক যুবককে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা দেখতে পান হৃদয় ইসলামের গলা কাটা এবং হাতের কবজিতে গুরুতর জখম রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাইয়ুল কবির রাজীব বলেন, ধারালো কোনো অস্ত্র দিয়ে হৃদয় ইসলামের গলায় ও হাতের কবজিতে গভীর জখম করা হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গলাকাটা ও হাতের কবজিতে জখম অবস্থায় এক যুবককে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটির পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।



