নারায়ণগঞ্জে দুই স্থানে বিস্ফোরণে দগ্ধ ৬

নারায়ণগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে কাঁচপুরে গ্যাসের লিকেজ থেকে আগুনে এক দম্পতিসহ চারজন এবং ফতুল্লায় কেমিক্যাল নিয়ে কাজ করার সময় আগুনে দুইজন দগ্ধ হন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গ্যাসের লিকেজের ঘটনায় দগ্ধরা হলেন- রোজিনা (৩০), তার স্বামী শরীফ (৩৪), রিয়াজ (২২) ও রনি (১৯)। তারা পরস্পরের আত্মীয়। রিয়াজ রোজিনার ভাই।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফ ও রিয়াজের ৪০ শতাংশ করে এবং রনির ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় কেমিক্যাল নিয়ে কাজ করার সময় আগুনে দগ্ধ হয়েছেন দুই ব্যক্তি। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আনোয়ার হোসেন (৪০) ও মোহাম্মদ সামসুল (৩০)। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। কেমিক্যাল নিয়ে কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হলে তারা দগ্ধ হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আনোয়ার হোসেনের শরীরের ৫৪ শতাংশ এবং সামসুলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
