রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে মঙ্গলবার থেকে শুরু হওয়া ধর্মঘটের অবসান ঘটিয়ে সব রুটে বাস চলাচল শুরু হয়।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজশাহী ডিসি ট্রাফিকের কার্যালয়ে এক আলোচনা সভায় নাটোর ও রাজশাহীর বাস মালিক সমিতির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।
রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, চলমান দ্বন্দ্ব নিয়ে দীর্ঘক্ষণ নাটোর রাজশাহীর এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে বাস মালিক শ্রমিক নেতাদের একটি বৈঠক হয়। সেখানে উভয়পক্ষ নিয়ম মেনে বাস চলাচল স্বাভাবিক রাখার কথা জানান এবং যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন।
বারিউল আলম শান্ত নামে এক যাত্রী বলেন, মঙ্গলবার থেকে ঢাকা যাওয়ার চেষ্টা করছি, কিন্তু বাস ধর্মঘটের কারণে যেতে পারেনি। এখন বাস চলাচল শুরু হয়েছে, তাই কাঙ্ক্ষিত গন্তব্য যেতে পারব।
নাসরিন নামে অপর এক যাত্রী বলেন, শিশু বাচ্চা নিয়ে দীর্ঘক্ষণ ধরে টিকিট কাউন্টারে বসে ছিলাম। স্বস্তির খবর বাস মালিকরা বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
রবিউল ইসলাম নামে যাত্রী বলেন বলেন, বাসমালিক ও শ্রমিকদের বিকল্প আন্দোলনের পথ খুঁজতে হবে। তাদের এই আন্দোলনের কারণে আমরা সাধারণ যাত্রীরা এই গরমে মধ্যে কষ্ট পাচ্ছিলাম।
এর আগে, বাসমালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মঙ্গলবার থেকে রাজশাহী থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন রাজধানীগামী সাধারণ যাত্রীরা।