সাজেকে দ্বিতীয় দিনের মতো আটকা পর্যটকরা

রাঙামাটির সাজেক সড়ক পানিতে ডুবে থাকায় দ্বিতীয় দিনের মতো আটকে পড়া পর্যটকরা সাজেকে অবস্থান করছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সবশেষ খবর পাওয়া পর্যন্ত সাড়ে চারশত পর্যটক নিরাপদে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সহসভাপতি মতিজয় ত্রিপুরা।
তিনি বলেন, বুধবার দীঘিনালা-সাজেক সড়কের বিভিন্ন স্থান ডুবে থাকায় সাজেকে ভ্রমণে আসা পর্যটকরা আটকা পড়েন। তাদের রুমে ভাড়া দিতে হচ্ছে না। পানি ও রুম সার্ভিস দিয়ে থাকছেন। খাবার এখন পর্যন্ত পর্যাপ্ত মজুত আছে। আরও বেশ কয়েক দিন ভালোভাবে চলা যাবে।
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির দিঘীনালা-বাঘাইহাট-মাচালং সাজেক সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েন চার শতাধিক পর্যটক।
উদ্ভুত পরিস্থিতিতে গত মঙ্গলবার সন্ধ্যায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুর্পন দেব বর্মন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি কমেছে। আশা করা যাচ্ছে বৃষ্টি না হলে পানি কমে আসলে গাড়ি চলাচল শুরু হবে। বৃহস্পতিবার বিকেলে বা কাল সকাল থেকে গাড়ি চলাচল শুরু হতে পারে।





