logo

রাজবাড়ীতে নৌকাবাইচ ঘিরে সংঘর্ষে আহত ১৫, ডুবে গেল প্রতিযোগিতার নৌকা

রাজবাড়ীতে নৌকাবাইচ ঘিরে সংঘর্ষে আহত ১৫, ডুবে গেল প্রতিযোগিতার নৌকা
রাজবাড়ীতে অনুষ্ঠিত নৌকাবাইচ। ছবি: এশিয়া পোস্ট

রাজবাড়ীর পদ্মা নদীতে ঐতিহাসিক নৌকাবাইচ প্রতিযোগিতার শেষ দিনে দুই নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় নৌকার অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে ‘নিউ শাড়ির ভিটা’ নামের একটি নৌকা ডুবে যায়।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বোলতার স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী নৌকাবাইচের শেষ দিনে ‘নিউ শাড়ির ভিটা’ ও ‘নিউ জনতার সংগ্রাম’ নামের দুটি নৌকার মধ্যে প্রতিযোগিতা চলছিল। সন্ধ্যা ঘনিয়ে আসায় নৌকা দুটি নির্ধারিত সীমানা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। এ সময় দুই নৌকার মাঝিদের মধ্যে মারামারি শুরু হয়। পরে একপর্যায়ে ‘নিউ শাড়ির ভিটা’ নৌকাটি ডুবে যায়।

নৌকাবাইচে সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট
নৌকাবাইচে সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

‘নিউ শাড়ির ভিটা’ নৌকার মালিক তৈয়বুর রহমান তপনের দাবি, প্রতিযোগিতায় তার নৌকাটি এগিয়ে ছিল। সীমানা পার হওয়ার পর প্রতিপক্ষের ‘নিউ জনতার সংগ্রাম’ নৌকাটি তাদের নৌকায় আঘাত করে। এরপর প্রতিপক্ষের মাঝিরা তার নৌকার মাঝিদের মারধর করেন। এতে নৌকাটি ডুবে যায়। তার নৌকার কয়েকজন মাঝির হাত-পা ভেঙে গেছে বলেও দাবি করেন তিনি।

আয়োজক কমিটির পূর্বাঞ্চলের প্রধান মো. সিরাজ শিকদার বলেন, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে প্রতিযোগিতার নৌকা দুটি নির্ধারিত সীমানা থেকে দূরে চলে যায়। সেখানে দুই নৌকার মাঝিদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন আহত হন। পরে আয়োজক কমিটি ও নৌ-পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, চাইলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব পরদিন দিনের আলোতেও আয়োজন করা যেত। তার মতে, সন্ধ্যা হয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের দলনেতা মো. ফিরোজুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহত ১৫ জনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ শফিক তমাল এশিয়া পোস্টকে বলেন, আহত ১৫ জন হাসপাতালে এসেছেন। তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। তবে সবার শরীরেই আঘাত রয়েছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।