logo
Advertisement

গাজীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,গাজীপুর
গাজীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
আঞ্চলিক সড়ক অবরোধ করেন স্থানীয়রা। শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরপাড়ায় মৌচাক-জামালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানচলাচল বন্ধ থাকে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে আজিবর আজিবর রহমান নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তিনি কালিয়াকৈর উপজেলার ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশায় ঠাকুরপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন।

তাকে উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন স্থানীয়রা। ওই হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় ১৯ আগস্ট ব্যবসায়ী আজিবরের মৃত্যু হয়। তার স্ত্রী নাসরিন আক্তার কালিয়াকৈর থানায় মামলা করেন।

মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে শুক্রবার বিক্ষোভ করেন স্থানীয়রা। বিক্ষোভ শেষে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, একজন ভালো মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। মামলা হয়েছে, আসামিরা চিহ্নিত। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। আসামিরা গ্রেপ্তার না হওয়া রহস্যজনক। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে। এই সন্ত্রাসীদের কারণে ৪টি পরিবার ধ্বংস হয়েছে।

নিহতের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমার স্বামীকে তারা মেরে ফেলেছে। কিন্তু কেন হত্যা করল সেটিও জানতে পারলাম না। শুনেছি আসামিরা এখনও এলাকাতে আছে। তবুও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আমরা আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।