চট্টগ্রাম/জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশ-বিজিবির সঙ্গে ধস্তাধস্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে ব্যক্তিমালিকানাধীন জমিতে বসতঘর নির্মাণে বাধা ও নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৬ অক্টোবর) এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে পূর্বের বিভিন্ন মামলায় আসামি হিসেবে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন উজ্জ্বল (৩০) ও হাসিনা (৩৫)।
এদিকে সলিমপুরে দুপুরের ঘটনার ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, লিফলেট হাতে একদল স্থানীয় বাসিন্দা বিক্ষোভ করছেন। এ সময় তাদের ‘নিজের টাকা দিয়ে জায়গা কিনেছি, সেই জায়গা ফেরত চাই’ বলে স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে বিক্ষোভকারীদের সামনে পুলিশ ও বিজিবির সদস্যদের অবস্থান করতে দেখা যায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধস্তাধস্তি হয়। কয়েকজন নারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলতে ও প্রতিবাদ জানাতে দেখা যায়। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা লাঠি হাতে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যান এবং তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এ সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আলীনগরে নিজেদের মালিকানাধীন জমিতে ঘর নির্মাণ করতে গেলে বিজিবি সদস্যরা বাধা দিচ্ছেন। এ ছাড়া জমিতে রাখা নির্মাণসামগ্রীও সরিয়ে নেওয়া হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদে আলীনগর উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন জমির মালিক ও স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা প্রতিবাদ মিছিল বের করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা তাদের জমির মালিকানাসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র প্রদর্শন করেন। তাদের দাবি, বৈধ দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তারা নিজেদের জমিতে বসতঘর নির্মাণ করতে পারছেন না।
মিছিল বের করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিক্ষোভকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমির মালিকানাসংক্রান্ত কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আইন ও বিধিবিধান মেনে বসতঘর নির্মাণের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সেখানে বড় কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজন তাদের কিছু দাবি তুলে ধরেছেন। তবে এসব দাবি এক দিনে বাস্তবায়ন করা সম্ভব নয়, এটি সময়সাপেক্ষ বিষয়। সরকার আইন অনুযায়ী যে ব্যবস্থা নেবে, সেটাই কার্যকর হবে।
ওসি আরও বলেন, আগে বিজিবি ক্যাম্পে হামলাসহ বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে উজ্জ্বল ও হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
