সড়কে টায়ার জ্বালিয়ে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন কয়েকশ শ্রমিক।
শ্রমিকরা জানান, গত আগস্ট ও চলতি (সেপ্টেম্বর) মাসের বেতন বকেয়া রয়েছে। ওই টাকা পরিশোধ না করেই কারখানা ছুটি দেওয়া হয়েছে। চলতি মাসের ১০ তারিখ বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু একাধিকবার সময় দিয়েও বেতন দিচ্ছে না। এ জন্য তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রেখেছেন।
কারখানার শ্রমিক আতাউর বলেন, নির্ধারিত সময় পার হয়ে গেলেও বেতন পরিশোধ না করায় আমরা সমস্যায় পড়ে গিয়েছি। কারখানাও বন্ধ, বেতনও নেই। আমার মতো ৪০০ থেকে ৫০০ জন শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি।
কারখানা সূত্রে জানা গেছে, কারখানাযটিতে এক হাজার ৩০০ জন শ্রমিক রয়েছেন। আগস্ট মাসের বেতন ১০ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল, কিন্তু সেটি মালিকপক্ষ দিতে পারেনি। পরে বেতন দিতে ব্যর্থ হওয়ায় কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ওই কারখানার মালিক আনোয়ার হোসেনকে একাধিকবার ফোন দেওয়া হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।