logo
Advertisement

গাজীপুরে কৃষকদল নেতার অফিসে গুলি

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
গাজীপুরে কৃষকদল নেতার অফিসে গুলি
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জজ মিয়া নামে এক কৃষকদল নেতার অফিসে দুই রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলির আতঙ্কে কৃষকদল নেতা অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

Advertisement

শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নে আরএকে সিরামিক কারখানার সামনে অফিসটিতে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

দুই রাউন্ড ছোড়া গুলির শব্দে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে আতঙ্কে কৃষকদল নেতা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

জজ মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়ন ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে, তিনি গাজীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া জানান, একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে লেজার লাইটে তাকে টার্গেট করে। এরপর তাকে লক্ষ্য করে পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেলে থাকা চালকসহ আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তার চিৎকার ও গুলির শব্দে আশপাশের মানুষজন ঘটনাস্থলে এসে তাকে তার অফিস থেকে হাসপাতালে নেন।

ঘটনার পরপরই কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, শ্রীপুর থানার ওসি শাহীনুর আলমসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, গুলি ছোড়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।