logo

চট্টগ্রামে দুপক্ষের সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

চট্টগ্রামে দুপক্ষের সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
চট্টগ্রামের ফটিকছড়িতে সংঘর্ষের পর টায়ার জ্বালিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করা হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই কর্মী ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ সৃষ্টি করে এক পক্ষ। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে যানবাহন।

আহতরা হলেন স্থানীয় যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তার বিরোধী হিসেবে পরিচিত নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী ঘোষণা কবির। তবে ঠিক কী কারণে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে হেঁয়াকো বাজারের অদূরে দুই পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের দুইজন ছুরিকাঘাতে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঘোষণা কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সংঘর্ষের পরপরই এক পক্ষের কর্মী-সমর্থকেরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে যানজট তৈরির পাশাপাশি পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরবর্তীতে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে শান্ত করে সড়কে যান চলাচল পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।