লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে পদ হারালেন যুবদল নেতা

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে আল-আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার (১ জুন) রাতে কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে বহিষ্কারের চিঠি পোস্ট করা হয়।
আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে। তিনি মোহন ইউনিয়ন যুবদলের সদস্য ও একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রীকে ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আল-আমিনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা হয়েছে। ২৮ মে রাতে ঘটনাটি ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়। শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মামলার তদন্ত চলছে। এ ঘটনায় এখনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে আল-আমিনের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন জানান, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল-আমিনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।
অন্যান্য নেতাদেরকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান রশিদুল হাসান লিংকন।
