logo

‘হেলপারের হাতে স্টিয়ারিং, তারপরই দুর্ঘটনা’ 

‘হেলপারের হাতে স্টিয়ারিং, তারপরই দুর্ঘটনা’ 

দিনাজপুর থেকে কাজের সন্ধানে কুমিল্লার উদ্দেশে রওনা হন ১৩ শ্রমিক। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন নিহত হয়েছেন। 

সোমবার (১৩ এপ্রিল) রাত ৩টা ১০ মিনিটের দিকে মেঘনা সেতু পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আফজাল হোসেন (৩৫), একই এলাকার সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), বিরামপুর উপজেলার সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ (৫৫)।

আহত শ্রমিক আকবর জানান, শুরুতে ট্রাকটি চালাচ্ছিলেন মূল চালক। পরে মেঘনা সেতু পার হওয়ার পর হঠাৎ স্টিয়ারিং তুলে দেওয়া হয় হেলাপারের হাতে। তারপরই ঘটে দুর্ঘটনা। তিনি বলেন, সে ঠিকমতো গাড়ি চালাতে পারছিল না।

আহতদের অভিযোগ, এ সময় একটি দ্রুতগতির বাস ট্রাকটিকে চাপ দিলে নিয়ন্ত্রণ হারায় যানটি। পরে ট্রাকটি সড়ক থেকে নিচে পড়ে যায়। এটা দুর্ঘটনা না, অবহেলার ফল। চালক নিজে গাড়ি চালালে হয়তো এত প্রাণ যেত না।

নিরাপদ চালক সংগঠনের নেতা সাদ্দাম হোসেন বলেন, চলন্ত ট্রাকের স্টিয়ারিং অনভিজ্ঞ হেল্পারের হাতে দেওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সম্পন্ন করেছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।