দুই বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই বছরের এক শিশুকে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে তার দাদি মুক্তা বেগমের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা সোনালী আক্তার শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত মুক্তা বেগম উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের তোফায়েল খানের স্ত্রী। আহত শিশু নিরব খানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কাননীসার গ্রামে পারিবারিক বিরোধের একপর্যায়ে মুক্তা বেগম তার দুই বছর বয়সী নাতি নাফিন খানকে মাটিতে ছুড়ে ফেলেন। এতে শিশুটির কোমরে আঘাত লাগে। পরে তার মা ও স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
শিশুটির মা সোনালী আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি মুক্তা বেগম তাকে বিভিন্ন সময় মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। ঘটনার দিন তার ছেলেকে মাটিতে ছুড়ে ফেলার পর কান্নার শব্দ শুনে তিনি ছেলেকে উদ্ধার করেন। এ ঘটনায় তার শ্বশুর ও স্বামীও কোনো প্রতিবাদ করেননি বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ সাগর বলেন, শিশুকে এভাবে ছুড়ে ফেলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অমানবিক। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।