দুই ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই ব্যাংক কর্মকর্তা হলেন আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত আদমদীঘি হাসপাতালে ভর্তি করেছেন।
ব্যাংক শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে উত্তোলন করা ৩০ লাখ এবং তার নিজস্ব ৪ লাখসহ মোট ৩৪ লাখ টাকা একটি ব্যাগে নেওয়া হয়। এরপর মোটরসাইকেলে ওই দুই কর্মকর্তা সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরের দিকে যাচ্ছিলেন। পথে আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজ এলাকার টাওয়ারের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে এসে হেলমেট পরিহিত চার দুষ্কৃতকারী তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা লোহার রড দিয়ে ব্যাংক কর্মকর্তাদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
