logo

হাদি ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক: জাবের

হাদি ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক: জাবের
মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন আব্দুল্লাহ আল জাবের। সোমবার নীলফামারী শহরের বড় বাজারে। ছবি: এশিয়া পোস্ট

শহীদ শরিফ ওসমান হাদি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক ছিলেন বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

সোমবার (১২ অক্টোবর) রাত ১০টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বড় বাজারে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের দাবিতে নীলফামারীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনটির সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমাসহ ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, গত ৫৫ বছর ধরে স্বাধীনতার কথা বলা হলেও কার্যত দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়ে আসছে এমন ধারণা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন শহীদ ওসমান হাদি। সেই আধিপত্য থেকে মুক্তির আকাঙ্ক্ষা থেকেই জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।

বিচারব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশে কোনো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল না হলে অনেক ক্ষেত্রে বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে। একজন নাগরিক অন্যায়ভাবে নির্যাতন বা হত্যার শিকার হলে রাষ্ট্রকেই তার বিচার নিশ্চিত করতে হবে। বিচার পাওয়ার জন্য যেন কাউকে দ্বারে দ্বারে ঘুরতে না হয়, এমন একটি বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

সরকারের সমালোচনা করে আব্দুল্লাহ আল জাবের বলেন, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্য ও জনজীবনের সংকট নিয়ে কথা বললে অন্য প্রসঙ্গ সামনে এনে তালবাহানা করেন সরকার।

জুলাই সনদ প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, জুলাই সনদ কি শুধু শেখ হাসিনাকে বিদায় করে তারেক রহমানকে ক্ষমতায় আনার জন্য হয়েছিল, নাকি বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই জুলাই গণ-অভ্যুত্থান হয়েছিল? গণভোটের রায় উপেক্ষা করা এবং শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার না করার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থানের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তনকে অবজ্ঞা না করার আহ্বানও জানান তিনি।

জাবের বলেন, দেশের নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে জনগণ সরকারের পাশে থাকবে। অন্যদিকে, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জুলুমের মাধ্যমে মানুষের অধিকার হরণকারীদের বিরুদ্ধে দাঁড়াবে জনগণ।