logo
Advertisement

নদীপথে চাঁদাবাজি ও ইটভাটা বন্ধের প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন

এশিয়া পোস্ট নিউজ,নারায়ণগঞ্জ
নদীপথে চাঁদাবাজি ও ইটভাটা বন্ধের প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন
ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের প্রতাপনগরের আনন্দবাজার এলাকায় পাঁচ পঞ্চায়েতের ভুক্তভোগীদের মানববন্ধন। ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের তিন থানার সীমান্তবর্তী চরাঞ্চলে ভূমিদস্যুতা, নদীপথে চাঁদাবাজি ও ইটভাটা বন্ধ করে দেওয়ার অভিযোগে চিহ্নিত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ফতুল্লার স্থানীয় পাঁচ পঞ্চায়েতের ভুক্তভোগীরা।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের প্রতাপনগরের আনন্দবাজার এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুক্তার হোসেন অভিযোগ করে বলেন, সীমান্ত এলাকায় প্রায় ৪০ থেকে ৫০টি ইটভাটা রয়েছে। বিগত বছরগুলোতে ইটভাটা মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করা হলেও চলতি বছরে অনেকেই চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এর জেরে কয়েকটি ইটভাটার কার্যক্রম ও মাটি পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। তা ছাড়া নদীপথে চলাচলকারী প্রতিটি বাল্কহেড ও ট্রলার থেকে দৈনিক দুই থেকে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করছে চক্রটি।

ভুক্তভোগী ও বক্তাবলী ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী অভিযোগ করেন, চলতি বছর চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর ইট বিক্রি ও মাটি পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। উল্টো তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে পুলিশে সোপর্দ করা হলে পরে তিনি আদালত থেকে জামিন পান। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন এই ভুক্তভোগী।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত জয়নাল এবং তার দুই ছেলে আলমগীর ও জাহাঙ্গীরের পরিবারের বিরুদ্ধে অতীতেও হত্যা, গুম ও মারধরের মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। বর্তমানে চাঁদাবাজি ও হুমকিতে ইটভাটা মালিক এবং ব্যবসায়ীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ব্যবসাবাণিজ্যের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে জয়নাল, আলমগীর ও জাহাঙ্গীরের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।