‘আপনারা ঘিরে রাখেন, বাঘ যেন চলে যেতে না পারে’ বলে বিজিবির মাইকিং

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা একটি বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মাইকিং করে স্থানীয় লোকজনকে সতর্ক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই সঙ্গে বাঘটি যেন ধানখেত বা লোকালয় থেকে পালাতে না পারে, সে জন্য চারপাশ ঘিরে রাখার আহ্বান জানান বিজিবি সদস্যরা।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪), নজরুল ইসলাম (৪৫) ও আফসার আলী (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে শরিফা বেগম ধানখেতে নিজের ছাগল খুঁজতে গিয়ে সীমান্তের কাছাকাছি একটি বাঘকে ছাগল আক্রমণ করতে দেখেন। ভয়ে তিনি চিৎকার শুরু করলে বাঘটি তাকে ধাওয়া করে আক্রমণ করে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বাঘটি তাদের ওপরও চড়াও হয়। এতে একে একে তিনজন আহত হন। পরে লোকজনের ধাওয়া ও টহলরত বিজিবি সদস্যদের দুই রাউন্ড ফাঁকা গুলি করলে ধানক্ষেতে লুকিয়ে পড়েন।
এদিকে সন্ধ্যার পর বিজিবি সদস্যরা মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করছেন। এছাড়াও বাঘটিকে নিরাপদে ফেরাতে ও ধরতে ধানখেতসহ চারপাশ ঘিরে রাখতে সহযোগিতা চান।
আর আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মামুন রহমান জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এশিয়া পোস্টকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
এদিকে বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা একটি বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।