দুপুরে ছিল বিদায় অনুষ্ঠান, ভোরে মারা গেলেন প্রধান শিক্ষক

চাঁদপুরের হাজীগঞ্জে বিদায় সংবর্ধনার দিনেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯)।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে তাকে বিদায় জানানোর কথা থাকলেও কয়েক ঘণ্টা আগে তার মরদেহ কফিনে করে নেওয়া হয় বিদ্যালয় প্রাঙ্গণে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে প্রধান শিক্ষক তপন কুমার সাহাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। সহকর্মীরা অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি তার জন্য ক্রেস্টও প্রস্তুত করেছিলেন। কিন্তু ভোররাতে আসে তার মৃত্যুর খবর। চাঁদপুর শহরের নিজ বাসভবনে রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তপন কুমার সাহা। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে দুপুরে তার মরদেহ কফিনে করে নেওয়া হয় বিদ্যালয়ে।
নিহতের সহকর্মী তানজিলা আক্তার বলেন, স্যারকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়ার জন্য আমরা দুপুরের অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু ভোররাতে ফোনে জানতে পারি, স্যার রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আরেক সহকর্মী লিমা আক্তার জানান, রাত ৩টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হন তপন কুমার সাহা। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম অরুন জানান, স্যারের বিদায়ী সংবর্ধনায় আমি অতিথি ছিলাম। তাকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু আজ তাকে চিরবিদায় দিতে হলো। তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শিক্ষার্থীসহ আমরা সবাই ব্যথিত ও ভারাক্রান্ত।
মৃত্যুকালে তপন কুমার সাহা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কর্মজীবনের শেষ সময়ে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার বদলে কফিনে করে বিদ্যালয়ে তার ফিরে আসার দৃশ্য উপস্থিত সবাইকে শোকাহত করে তোলে।



