Advertisement

ঠাকুরগাঁওয়ে ২৭ মামলার আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে ২৭ মামলার আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে মো. মোস্তফা আলী ওরফে আকাশ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ২৭টি মামলা রয়েছে।

Advertisement

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মোস্তফা আলীকে সোমবার (১০ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।

পুলিশের দাবি, তিনি সংঘবদ্ধ প্রতারক চক্রের অন্যতম হোতা ও কুখ্যাত মাদক কারবারি। তার বিরুদ্ধে প্রতারণা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, চুরি, বিস্ফোরক দ্রব্য ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৭টি মামলা রয়েছে।

গ্রেপ্তার মো. মোস্তফা আলী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জগথা এলাকার মো. মোবারক আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবিতে তদন্তাধীন নকল স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন মোস্তফা আলী।

পুলিশের তথ্যমতে, ২৭টি মামলা ছাড়াও পীরগঞ্জ থানায় তার বিরুদ্ধে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা অর্থদণ্ডের সাজা পরোয়ানা মুলতবি রয়েছে।

পুলিশ আরও জানায়, মোস্তফা আলী দীর্ঘদিন ধরে মাদক কারবার ও প্রতারণার সঙ্গে জড়িত। তিনি একসময় গাজীপুরে অবস্থান করে মাদক কারবারের একটি সিন্ডিকেট পরিচালনা করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। পরবর্তীতে গোপনে হরিপুর ও রানীশংকৈল থানা এলাকাসহ নিজ এলাকা পীরগঞ্জে বিভিন্ন সময়ে অবস্থান করে মাদক, প্রতারণাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।

বিশেষ করে নকল স্বর্ণের মূর্তিসহ বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার ভয়ে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ করতেও সাহস পেতেন না বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. গোলাম রসুল এশিয়া পোস্টকে বলেন, অপরাধী যতই কৌশলী হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা শাখা সর্বদা তৎপর রয়েছে।