মাদারীপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে বিষধর সাপের কামড়ে খাদিজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার উত্তর কোলচরিতে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত খাদিজা বেগম (২৪) উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং একই এলাকার জাকির বেপারীর স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উত্তর কোলচরির নিজ বাড়িতে রান্নাঘরে রান্নার প্রস্তুতির জন্য লাকড়ি-খড়ি বের করতে যান খাদিজা। এ সময় লাকড়ির ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। তিনি চিৎকার করলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করলেও অবস্থা অবনতি হয়। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই খাদিজার মৃত্যু হয়েছে।





