খুলনায় মোটরসাইকেলে এসে পাঠাও ডেলিভারিম্যানকে গুলি

খুলনা মহানগরীর টুটপাড়া জোড়াকল বাজার এলাকায় পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান কাজী সাজ্জাদকে (৩৫) গুলি করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। হামলায় তার পায়ে গুলি লাগে। শরীরের বিভিন্ন স্থানেও কোপের চিহ্ন রয়েছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সাজ্জাদ টুটপাড়া সেন্ট্রাল রোডের জোড়াকল বাজার এলাকার বাসিন্দা কাজী কামালের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
সাজ্জাদের দুলাভাই জানান, ডেলিভারি দিতে যাওয়ার সময় তার ওপর অতর্কিত হামলা হয়। প্রথমে তাকে কোপানো হয়। পরে তার পায়ে গুলি করা হয়। একাধিক গুলি ছোড়া হলেও একটি গুলি তার পায়ে লাগে বলে জানান তিনি।
সাজ্জাদের স্বজনেরা জানান, তার ব্যবহৃত ডেলিভারি গাড়ি ও পাঠাওয়ের ব্যাগ ঘটনাস্থলে রয়েছে। সেগুলো থেকে কোনো কিছু নেওয়া হয়েছে কি না, তা তারা নিশ্চিত নন।
সাজ্জাদের মা জানান, স্থানীয় কয়েকজন তাকে অটোরিকশায় করে বাসা থেকে ডেকে হাসপাতালে নিয়ে আসেন। পরে ছেলেকে উদ্ধারের সময় তার কাছ থেকে হামলাকারীদের বিষয়ে কিছু তথ্য পান বলে দাবি করেন তিনি।
সাজ্জাদের মায়ের ভাষ্য অনুযায়ী, তার ছেলে হামলায় জড়িত হিসেবে টুটপাড়ার সৃজন ও রাব্বির নাম উল্লেখ করেছেন। রাব্বি নিজে গুলি করেছেন বলেও ছেলে জানিয়েছেন বলে দাবি করেন তার মা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, টুটপাড়া এলাকায় কাজী সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিতে তার ডান পায়ে আঘাত লাগে।
ওসি জানান, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
