খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে কাজী সাজ্জাদ (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে তার ডান পা জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গুলিবিদ্ধ কাজী সাজ্জাদ টুটপাড়া এলাকার কাজী কামালের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, টুটপাড়া এলাকায় কাজী সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়।
ওসি আরও জানান, তিনি নিজে হাসপাতালে যাচ্ছেন এবং বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
