হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

যশোরের চৌগাছায় হামজ্বরে আক্রান্ত হয়ে পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ (৪০) মারা গেছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইবনে সিনা হাসপাতালের কাস্টমার কেয়ার কর্মকর্তা নাজিম উদ্দীন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
পাশাপোল ইউপি সদস্য কিতাব আলী জানান, গত ৯ অক্টোবর জ্বরে আক্রান্ত হন অবাইদুল ইসলাম সবুজ। জ্বর না কমায় ১১ অক্টোবর তাকে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত করেন তিনি হামে আক্রান্ত।
পারিবারিক সূত্রে জানা গেছে, অবাইদুল ইসলাম আগে থেকেই অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
অবাইদুল ইসলাম সবুজ ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। একই সঙ্গে তিনি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার আসরের নামাজের পর পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
