logo

গ্রেপ্তার ছিনতাইকারীকে ছাড়াতে ফাঁড়ি ঘেরাও, পুলিশ সদস্যকে মারধর

গ্রেপ্তার ছিনতাইকারীকে ছাড়াতে ফাঁড়ি ঘেরাও, পুলিশ সদস্যকে মারধর

সিলেট নগরে ছিনতাইসহ ৯ মামলার আসামি রনি আহমদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের খবরে তাকে ছাড়িয়ে নিতে আম্বরখানা ফাঁড়ি ঘেরাওয়ের অভিযোগ উঠেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ফাঁড়ির এক পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে।

গ্রেপ্তারকৃত রনি আহমদ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে স্থানীয় সূত্র। তাকে ছাড়িয়ে নিতে শতাধিক নেতাকর্মীসহ ফাঁড়িতে যান মহানগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সাঈদ। তারা স্থানীয়ভাবে সাপ্লাই গ্রুপ নিয়ন্ত্রণ করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র বলছে, ছিনতাইকারী রনিকে গ্রেপ্তার করায় সাহেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী পুলিশ ফাঁড়িতে যান এবং তাকে ছেড়ে দেওয়ার হুমকি দেন। তবে এর আগেই আসামিকে থানায় পাঠিয়ে দেওয়া হয়। আসামিকে না পেয়ে তারা ফাঁড়ি থেকে চলে যান।

পুলিশ আরও বলছে, গ্রেপ্তারকৃত রনির বিরুদ্ধে ছিনতাই, চুরি, মারামারিসহ ৯টি মামলা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে অপরাধে আরও সক্রিয় হওয়ার গোয়েন্দা তথ্য রয়েছে। তাই সোমবার রাত ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে সাপ্লাই সড়কের নূরে আলা কমিউনিটি সেন্টারের সামন থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, রনিকে গ্রেপ্তারের খবরে সাপ্লাই গ্রুপের নেতা সাহেদ শতাধিক নেতাকর্মী নিয়ে আম্বরখানার মজুমদারিস্থ পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন। তারা ফাঁড়িতে ঢুকে উপস্থিত পুলিশ উপপরিদর্শকসহ অন্যদের ওপর চড়াও হন। একজন পুলিশ সদস্য বিষয়টি মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে তাকে মারধর করেন তারা। পরে ভিডিও মুছে ফেললে মোবাইল ফোন ফেরত দেন। কিন্তু আসামিকে ফাঁড়িতে না পেয়ে নানা হুমকি দিয়ে তারা বেরিয়ে যান।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মুবাশ্বির এশিয়া পোস্টকে বলেন, আসামির বিরুদ্ধে ছিনতাইসহ ৯টি মামলা রয়েছে।

তিনি দলের নাম উল্লেখ না করে বলেন, রনি একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে আমরা জেনেছি। এই কারণে তাকে গ্রেপ্তারের খবরে বেশকিছু যুবক সংঘবদ্ধভাবে ফাঁড়িতে গিয়ে রনিকে ছেড়ে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।