logo

একে অন্যকে হারাতে রাজা-মস্তানের লড়াই

একে অন্যকে হারাতে রাজা-মস্তানের লড়াই

প্রিন্স রাজা, সাদা মস্তান–শুনে মনে হতে পারে পাড়ার কোনো গুন্ডা। কিন্তু এরা আসলে মাঠের লড়াকু। ষাঁড় হয়ে জন্ম নিলেও তাদের রাখ হয়েছে আকর্ষণীয়। এমন আকর্ষণীয় নামের ষাঁড়েরা লড়াই করে একে অন্যকে হারিয়ে বিজয়ী হওয়ার জন্য।

শুক্রবার (১৭ এপ্রিল) নড়াইলের কালিয়া উপজেলায় হয়ে গেল ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দিনব্যাপী চলে এ আয়োজন।

উপজেলার রঘুনাথপুর ফুটবল খেলার মাঠে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে নবীন যুব সংঘ। যা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারও মানুষ ভিড় জমান। লোকারণ্যে পরিণত পুরো রঘুনাথপুর ফুটবল মাঠ।

স্থানীয়দের কাছে দীর্ঘ দিনের ঐতিহ্য বহনকারী এই আয়োজনকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় প্রায় শতাধিক ষাঁড় অংশগ্রহণ করে। অংশ নেওয়া উল্লেখযোগ্য ষাঁড়গুলোর মধ্যে ছিল ‘প্রিন্স রাজা’ ও ‘সাদা মস্তান’, যা দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিটি লড়াই ঘিরে দর্শকদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজকরা আরও জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং স্থানীয়দের বিনোদনের জন্য প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

স্থানীয়দের মতে, এই ষাঁড়ের লড়াই শুধু একটি খেলা নয়; এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।