logo

সুনামগঞ্জের দুটি আসনে একক দায়িত্বে বিজিবি, ৯০ কিমিজুড়ে উড়বে ড্রোন

সুনামগঞ্জের দুটি আসনে একক দায়িত্বে বিজিবি, ৯০ কিমিজুড়ে উড়বে ড্রোন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত রাখতে সুনামগঞ্জ সীমান্তের দুটি আসনের তিনটি উপজেলায় প্রথমবার এককভাবে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে নির্বাচনি প্রস্তুতি সভা শেষে ব্রিফ্রিংয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ কথা জানান।

জানা গেছে, হাওর বেষ্টিত ও দুর্গম এলাকায় একক দায়িত্ব ছাড়াও অন্যান্য বাহিনীর সমন্বয়ে কাজ করবে পুরো জেলায়। পাশাপাশি ৯০ কিলোমিটার সীমান্তে থাকবে ড্রোন নজরদারি।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে বিজিবি। ১০টি উপজেলায় সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সড়ক ও নৌপথে উপজেলাভিত্তিক বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে। 

তিনি আরও বলেন, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ইতোমধ্যে রায়োট কন্ট্রোল, প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করেছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবির কুইক রেসপন্স ফোর্স।