মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে মা-ভাইকে মারধর

নওগাঁর ধামইরহাটে মাদ্রাসাপড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার মা-ভাইসহ তাকে মারধর করা হয়। এ ঘটনায় পুলিশ শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাট থানার জগদল ফারাজিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায়ই উত্ত্যক্ত করেন শিবরামপুর এলাকার মো. তাকমিম হোসেন।
গতকাল শনিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে ওই ছাত্রী মাঠে ছাগল বেঁধে বাড়ি ফেরার পথে তাকমিম তার হাত ধরে টানাটানি ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকমিম পালিয়ে যান।
পরে ভুক্তভোগীর মা এই ঘটনার প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে তাকমিম ও তার দুই সহযোগী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে মা ও ছোট ভাইসহ ওই ছাত্রীকে মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা করেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নারী ও শিশুর বিরুদ্ধে যে কোনো ধরনের যৌন হয়রানি বা অপরাধের ক্ষেত্রে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।





