logo
Advertisement

কচুয়ার আওয়ামী লীগ নেতা হেলাল গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ,চাঁদপুর
কচুয়ার আওয়ামী লীগ নেতা হেলাল গ্রেপ্তার
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুরের কচুয়া উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে (৪৫) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

রোববার (৩০ আগস্ট) চাঁদপুর শহরে তার চেম্বারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে কচুয়া থানায় সন্ত্রাস বিরোধী আইন একটি মামলা দায়ের করা হয়। তিনি এই মামলার এক নম্বর আসামি। কচুয়া থানার উপপরিদর্শক মো. আবু তাহের মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে কচুয়া থানাধীন ৪নং পালাখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের জনৈক জামাল পাটোয়ারীর বাড়িতে আসামিরা একত্রিত হন। সেখানে তারা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করার গভীর ষড়যন্ত্র করছিলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ ও এর আদর্শকে সমর্থন করেন। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনার উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়ে তারা মিছিলে অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা করেছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে কচুয়া থানার সন্ত্রাস বিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় :