সাংবাদিক রাসেলের বাসায় চুরি, খোয়া গেল ৭ লাখের মালামাল

নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর বাসাটি দৈনিক কালবেলা পত্রিকার সহসম্পাদক ও সাংবাদিক মো. রাসেলের (আদিত্য)। চোরেরা বাসার দরজার শিকল ও ট্রাংকের তালা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, একটি স্মার্টফোন এবং রাসেলের মায়ের ব্যবহৃত ৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন সাংবাদিক মো. রাসেল।
এজাহার সূত্রে জানা গেছে, সাংবাদিক মো. রাসেল (আদিত্য) নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন বিবি রোডের ২৪৩ নম্বর বাসার ২য় তলার উত্তর পাশের ফ্ল্যাটে বিগত ৯ বছর যাবৎ তার মা’কে নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। প্রতিদিনের মতো গতকাল সোমবার আনুমানিক রাত ৩টার দিকে শয়নকক্ষের দরজা-জানালা বন্ধ করে তারা ঘুমিয়ে পড়েন।
পরে সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে তারা দেখতে পান ফ্ল্যাটের পূর্ব পাশের রুমের দরজার হ্যাজবোল্টের শিকল ভাঙা এবং দরজা খোলা অবস্থায় রয়েছে। ঘরের ভেতরের মালামাল ছিল এলোমেলো। চোরেরা রুমের ভেতর রক্ষিত একটি টিনের ট্রাংকের সিটকিনির কবজি ভেঙে ভেতরে থাকা খাম থেকে নগদ ২৫ হাজার টাকা, ১৫ হাজার টাকা মূল্যের একটি নতুন ‘ভিভো ওয়াই০৪’ মডেলের মোবাইল ফোন এবং মায়ের ব্যবহৃত আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ৩ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকারসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী সাংবাদিক মো. রাসেল জানান, রাতের খাবার খেয়ে রাত ৩টার সময় রুম তালাবদ্ধ করে আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরে সকাল ৮টায় ঘুম থেকে উঠে দেখি দরজার হ্যাজভোল্ট ভেঙে ট্রাংক ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দামি আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।
এদিকে শহরের ব্যস্ততম বিবি রোড এলাকার একটি বাসায় ঢুকে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই সাখাওয়াত হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলছে।
সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, খোয়া যাওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল উদ্ধারসহ চোর চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আমাদের ২ জন অফিসার এই বিষয়ে কাজ করছে। এ বিষয়ে মামলা হবে।
