গৃহকর্তার বাসার সামনে পড়ে থাকা আহত গৃহকর্মী কিশোরীর মৃত্যু

মৌলভীবাজারে গৃহকর্তার বাসার সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া হালিমা বেগম নামে ১৬ বছর বয়সি এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরের দিকে শহরের মুসলিম কোয়াটার এলাকায় আমিনুল ইসলামের বাসার সামনে থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরী হালিমা আমিনুল ইসলামের বাসায় কয়েক বছর ধরে গৃহকর্মী হিসেবে রয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়ার আক্কাস মিয়ার কন্যা।
জানা গেছে, আমিনুল ইসলামের তিনতলা ভবনের নিচে গুরুতর আহত অবস্থায় কিশোরীকে পড়ে থাকতে দেখা যায়। পাশের ফ্ল্যাটের বাসিন্দা নাঈম ও সিএনজিচালিত অটোরিকশাচালক সালাম মিয়া তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মাথা ও তলপেটে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিশোরীর মৃত্যু হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।
