দিনে ভাঙারি ব্যবসা, রাতে ‘চুরি’

দিনের বেলায় ভাঙারি কেনার অজুহাতে এলাকায় ঘোরাফেরা, আর রাত হলে চুরির চেষ্টা–এমন অভিযোগে মাদারীপুরের কালকিনিতে আজিজুল ব্যাপারী (৩৫) নামের এক যুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা চোর সন্দেহে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দা ইকবাল ইমারত শাওন জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের মহিষমারি গ্রামে চুরি চেষ্টা হলে একজনকে আটক করে স্থানীয়রা। এ সময় তার সঙ্গে থাকা সিয়াম নামের আরেক যুবক পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে আজিজুল ও সিয়াম একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের ধাওয়া করে। একপর্যায়ে আজিজুলকে আটক করা গেলেও সিয়াম পালিয়ে যায়। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিজুলকে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা আরও জানায়, সম্প্রতি মহিষমারি ও আশপাশের এলাকায় পাঁচটি অটোরিকশাসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকেই রাতের বেলায় অপরিচিত লোকজনের চলাচলের বিষয়ে বাসিন্দারা সতর্ক ছিলেন।
স্থানীয় ইকবাল হোসেন জানান, আটকের পর আজিজুল জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে জড়িত। দিনের বেলায় ভাঙারি কেনার কথা বলে ভ্যান নিয়ে বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করে। পরে সুযোগ বুঝে রাতে চুরির চেষ্টা করেন।
কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) হানিফ জানান, এলাকাবাসী চোর সন্দেহে কয়েকজনকে ধাওয়া করে আজিজুল নামের একজনকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


