logo

দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন স্থগিত

দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন স্থগিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে পড়ে পদ্মা নদীতে যাত্রীসহ বাস ডুবে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান। এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজবাড়ী-ব-১১-০০২৪ নম্বর বাসটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি চিঠি জারি করা হয়।

বিআরটিএ সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

ওই দিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন বিআরটিএর মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত। পরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৪ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী বাসটির রেজিস্ট্রেশন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠিতে বাসটির মালিকপক্ষকে আগামী তিন কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ বিআরটিএ রাজবাড়ী কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে, ঘটনার পরপরই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনায় নারী, শিশু ও চালকসহ বহু প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান শেষ হলেও স্বজনহারাদের আহাজারিতে এখনও ভারী হয়ে আছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা।