খুলনায় নির্জনা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

খুলনা নগরীর বহুল আলোচিত কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মো. আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
শনিবার (১৮ জুলাই) দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলীম খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার মীর সোহরাব হোসেনের ছেলে।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা সদর থানায় দায়ের হওয়া নির্জনা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান সন্দেহভাজন আসামি।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৮ জুলাই রাতে দুর্বৃত্তরা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে। পরে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় খুলনা সদর থানার নারী উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে মো. আলীম হোসেন আকাশকে মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।
র্যাব-৬ আরও জানায়, গ্রেপ্তারকৃত আলীমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
.png)






