সিলেটে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী গোলাম রফিক ওরফে রশিদ (৫২) ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াগাত্তি গ্রামের বাসিন্দা গোলাম রফিক তার দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। গত কয়েক মাস ধরে তাদের মধ্যে তীব্র পারিবারিক কলহ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে গোলাম রফিক ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমের সঙ্গে দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে গোলাম রফিক জেসমিনের পেটে ও মাথায় প্রচণ্ড আঘাত করেন এবং তার মাথার চুল কেটে ফেলেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে অভিযান চালিয়ে নিহতের স্বামী ও তার প্রথম স্ত্রীকে আটক করে। একই সঙ্গে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, নিহতের শরীরে অমানবিক নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ থেকে তাকে হত্যা করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুজনকে পুলিশ হেফাজতে রেখে ঘটনা তদন্ত করা হচ্ছে।
.png)

