logo

চাঁদার দাবিতে প্রবাসীর পরিবারের ওপর যুবদলের হামলার অভিযোগ

চাঁদার দাবিতে প্রবাসীর পরিবারের ওপর যুবদলের হামলার অভিযোগ

কুমিল্লার লালমাই উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে প্রবাসীর পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় আটক অভিযুক্ত যুবদল কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর বাজারে হাজী আনোয়ার হোসেন নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী মিজানুর রহমান নিজস্ব জমিতে একটি বাণিজ্যিক মার্কেট নির্মাণ করছিলেন। এ সময় স্থানীয় যুবদল কর্মী মফিজুল ইসলাম সেখানে গিয়ে নির্মাণসামগ্রী সরবরাহের কাজ দেওয়ার জন্য চাপ দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে শ্রমিকরা তাকে আটক করে ৯৯৯-এ ফোন দেয়।

এরপর ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয় যুবদলের প্রচার সম্পাদক মিহন উদ্দিন ও রনিসহ ১০ থেকে ১২ জন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেন এবং প্রবাসী পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ। এ সময় মার্কেটের অফিসে ভাঙচুর ও নগদ টাকা, আইফোনসহ মালামাল লুট করা হয় বলেও দাবি ভুক্তভোগীদের।

আহত প্রবাসীর ভাই ফারুক হোসেন বলেন, হামলাকারীরা তাকে মারধর করে এবং অফিসের ভেতরে ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

লালমাই উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে লালমাই থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, চাঁদা দাবির অভিযোগে একজনকে আটকের পর পাল্টা হামলা ও ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।