শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

আগামী জাতীয় বাজেটে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
শুক্রবার (১৫ মে) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাকারিয়া তাহের বলেন, ভিক্টোরিয়া কলেজ শতবর্ষী একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ কলেজের উন্নয়নে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। অতীতে কলেজটির জিয়া অডিটোরিয়ামের নাম পর্যন্ত মুছে ফেলা হয়েছিল। অথচ ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলেজটিকে একটি বাস উপহার দিয়েছিলেন। সেটি এখনও ভিক্টোরিয়া কলেজের বাস হিসেবেই রয়েছে। সরকারের পক্ষ থেকে আমি চেষ্টা করব, যেন এ কলেজে আরও বাস দেওয়া যায়।
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যতবারই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, ততবারই কুমিল্লার উন্নয়নে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুমিল্লায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরে বেগম খালেদা জিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও হাসপাতাল বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। বর্তমান সরকারও সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী। অচিরেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে বলে আশা করছি।
মন্ত্রী কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরে বলেন, কুমিল্লা কৃষিনির্ভর এলাকা। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন সময়ের দাবি। ইতোমধ্যে মাত্র তিন মাসের মধ্যে কুমিল্লার জন্য উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়েছে এবং ওয়াসা গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়ন হলে পরিকল্পিতভাবে মহানগর এলাকার উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান আমির এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।





