চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে অপারেশনাল কার্যক্রমের ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপিত হয়েছে। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে সর্বোচ্চসংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও টার্মিনাল অপারেটর চিটাগং ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনায় নির্ধারিত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট সমমানের একক) কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়। এটি এনসিটি টার্মিনালের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ কনটেইনার স্থানান্তরের রেকর্ড।
এর আগে, গত ১১ এপ্রিল এই টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে আগের রেকর্ডটি হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল বন্দরটি।
কেবল এনসিটি নয়, গত ২৪ ঘণ্টায় বন্দরের সবকটি টার্মিনাল মিলিয়ে মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। সংশ্লিষ্টরা একে বন্দরের সামগ্রিক সক্ষমতা ও গতিশীলতার এক উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই অর্জন দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনসিটির এই রেকর্ড পারফরম্যান্স দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আমরা আশাবাদী।
তিনি আরও বলেন, তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বন্দর শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমই এই সাফল্যের মূল ভিত্তি। এই কৃতিত্বের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডারদের অভিনন্দন জানান।