আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিলের জয়

এশিয়া পোস্ট নিউজ, কেরানীগঞ্জ
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিলের জয়
ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে সারাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মতো দূরদেশ থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে বইছে ফুটবল জ্বর। এরই অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের এই জমজমাট লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ট্রফি নিজেদের ঘরে তুলেছে ব্রাজিল।

Advertisement

শনিবার (২৭ জুন) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে তখন উপস্থিত দর্শক ও সাংবাদিকদের করতালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলার শুরু থেকেই আক্রমণ আর পাল্টা-আক্রমণে জমে ওঠে মাঠ। তবে দুই দলের রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধে কোনো পক্ষই গোলের দেখা পায়নি। গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পেতে মরিয়া হয়ে লড়ে আর্জেন্টিনা। একপর্যায়ে তারা একটি পেনাল্টি পেলেও সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়। আর্জেন্টিনার পেনাল্টি মিসের পর খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ব্রাজিল।

ম্যাচের যখন আর মাত্র ১০ মিনিট বাকি, ঠিক তখনই গ্যালারি মেতে ওঠে উল্লাসে। ব্রাজিলের পক্ষে একমাত্র ও জয়সূচক গোলটি করেন ছবিওয়ালা খ্যাত ব্রাজিলিয়ান স্ট্রাইকার তুষার আব্দুল্লাহ। এক গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও ব্রাজিলের রক্ষণ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স এবং একমাত্র গোলটি করে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তুষার আব্দুল্লাহ।

খেলা শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কেরানীগঞ্জে সিনিয়র সাংবাদিক সদস্যরা উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।