ব্রাহ্মণবাড়িয়ার তিন স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন

এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার তিন স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন
নারী ‍শিক্ষার্থীদের সুবিধায় স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন। সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মডেল গার্লস হাই স্কুলে। ছবি: এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্রথমবারের মতো তিনটি বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে স্যানিটারি ভেন্ডিং মেশিন।

Advertisement

সোমবার (২৯ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিন স্কুলে এসব মেশিন স্থাপন করা হয়।

এই উদ্যোগ নেয় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)। এতে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন।

ভেন্ডিং মেশিন স্থাপন করা স্কুলগুলো হলো—সরকারি মডেল গার্লস হাইস্কুল, গৌতমপাড়া উচ্চবিদ্যালয় ও উলচাপাড়া উচ্চবিদ্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, নারীদের শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সমান গুরুত্ব দিতে হবে। ঋতুকালীন স্বাস্থ্যসেবা সহজলভ্য হলে মেয়েরা স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবে এবং ঝরে পড়ার হারও কমবে।

শিক্ষার্থীরা জানান, পাঠদানের সময় হঠাৎ ঋতুস্রাব নিয়ে দুশ্চিন্তা ছিল স্কুলছাত্রীদের। প্রয়োজনের মুহূর্তে স্যানিটারি ন্যাপকিন না থাকায় অনেককে ক্লাস ছেড়ে বাড়ি ফিরতে হয়েছে। অনেকে বিব্রতকর পরিস্থিতিতে পুরো দিন কাটিয়েছেন। এমন বাস্তবতায় মেশিন উদ্বোধনের পর শিক্ষার্থীদের মুখে স্বস্তির হাসি ফুটেছে। প্রয়োজনের মুহূর্তে এখন কাউকে খুঁজতে হবে না কিংবা লজ্জায় ক্লাস ফাঁকি দিতে হবে না।

সরকারি মডেল গার্লস হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া জাহান বলেন, আগে হঠাৎ প্রয়োজন হলে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো। এখন স্কুলেই ন্যাপকিন পাওয়া যাবে। তাই অনেক নিশ্চিন্ত লাগছে।

গৌতমপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তন্নি বলেন, অনেক সময় এই সমস্যার কারণে ক্লাসে মনোযোগ দিতে পারতাম না। এই মেশিন আমাদের জন্য খুবই উপকারী হবে।

উলচাপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাসুমা আক্তার বলেন, এ ধরনের উদ্যোগ সব স্কুলেই নেওয়া উচিত। এতে মেয়েরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবে এবং নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত হবে।

টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জয়দুল হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হলো। এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে জেলার অন্যান্য বিদ্যালয়েও একই ধরনের ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. আব্দুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সরকারি মডেল গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকিম, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন প্রমুখ।