logo

নড়াইলে চারজন নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ১২

নড়াইলে চারজন নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ১২

নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহতের ঘটনায় উভয়পক্ষ থেকে পৃথক হত্যা মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।

এরপর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিহত ওসিবুরের বাবা ওসমান ফকির বাদী হয়ে একই থানায় আরেকটি হত্যা মামলা করেন। এ মামলায় ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বড়কুলা গ্রামে চারজন নিহতের ঘটনায় উভয়পক্ষ থেকে মামলা হয়েছে। ইতোমধ্যে ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।