logo

নাটোরে এনসিপির কার্যালয়ে বিএনপির হামলার অভিযোগ

নাটোরে এনসিপির কার্যালয়ে বিএনপির হামলার অভিযোগ

নাটোরের সিংড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির এক কর্মী আহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ, ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন এনসিপির কার্যালয়ের সামনে পিকনিক করছিল। ওই সময় কার্যালয়ে থাকা ১০-১২ জন এনসিপির সমর্থক তাদের একটু দূরে গিয়ে পিকনিক করতে অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয় ভাঙচুর করে এবং ভেতরে থাকা এনসিপির কর্মীদের প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় সুলতান নামের এক এনসিপি কর্মীকে মারধর করে গুরুতর আহত করা হয়।

ভুক্তভোগী এনসিপি কর্মী আহাদ আলী এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা তখন অফিসে বসে নির্বাচনি বিষয়ে আলোচনা করছিলাম। হঠাৎ বাইরে হইচইয়ের শব্দ শুনে বের হয়ে দেখি কিছু লোক আমাদের দলীয় অস্থায়ী কার্যালয়ের গেটের সামনে পিকনিকের রান্নার চুলা বসিয়েছে। আমরা তাদের অফিস থেকে একটু দূরে গিয়ে রান্নার চুলা বসাতে বললে তারা রাগান্বিত হয়ে ওঠে এবং আমাদের অফিসের ভেতরে আটকে রাখে। আমাদের সঙ্গে তাদের কথাকাটাকাটির একপর্যায়ে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’

এ বিষয়ে অভিযুক্ত মৎস্যজীবী দলের নেতা আব্দুল কুদ্দুস আকন্দ অভিযোগ অস্বীকার করে এশিয়া পোস্টকে বলেন, ‘আমাদের দলীয় নেতাকর্মীরা মৌগ্রাম বাজারে শান্তিপূর্ণভাবে পিকনিক করছিলেন। কারও ওপর হামলা, ভাঙচুর বা কাউকে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর এশিয়া পোস্টকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’