logo
Advertisement

‘সংবেদনশীল আলোচনা হবে’ বলে সাংবাদিকদের বাইরে পাঠালেন হুইপ নিজান

‘সংবেদনশীল আলোচনা হবে’ বলে সাংবাদিকদের বাইরে পাঠালেন হুইপ নিজান
কুমিল্লা জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভা। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত জেলার আইনশৃঙ্খলা, সুশাসন ও সার্বিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভার মূল আলোচনা শুরুর আগে সাংবাদিকদের সভাকক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান। ছবি তোলা শেষে সাংবাদিকদের পাশের কক্ষে গিয়ে অপেক্ষা করা ও ‘চা খাওয়ার’ পরামর্শ দেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক কর্মসূচি, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

সভায় সভাপতিত্ব করেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি। জেলা প্রশাসক রোজি আক্তারের সঞ্চালনায় নির্ধারিত সময়ে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে জেলা প্রশাসক রোজি আক্তার ও জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য দেন। পরে সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

পরিচিতি পর্ব শেষে মূল আলোচনা শুরুর সময় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান মাইকে বলেন, ‘এই আলোচনা সভায় যাদেরকে দাওয়াত দেওয়া হয়নি তারা এখান থেকে চলে যান।’ এরপর সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা ছবি তোলা হলে আপনারা চলে যান। পাশের রুমে গিয়ে অপেক্ষা করুন, চা খান। এখানে অনেক সংবেদনশীল আলোচনা হবে, ভায়াস হবে।’

হুইপের এমন নির্দেশের পর উপস্থিত সাংবাদিকদের সভাকক্ষের বাইরে চলে যেতে বলা হয়। এরপর আইনশৃঙ্খলা, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও জেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে সভার মূল আলোচনা সাংবাদিকদের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত হয়।

সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের এমপি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১১ আসনের এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৭ আসনের এমপি আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়াসহ জেলার ১৭ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময়ের কথা ছিল। তবে মূল আলোচনা শুরুর আগেই সাংবাদিকদের সভাকক্ষ ছাড়তে বলায় আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্তগুলো সরাসরি জানার সুযোগ পাননি গণমাধ্যমকর্মীরা।