Advertisement

কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
এশিয়া পোস্ট গ্রাফিক্স

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৮ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ছাতিরচর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত কাছুম আলী (৬৫) ছাতিরচর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মনর উদ্দিনের ছেলে। আহতরা হলেন রমিজ মেম্বার ও হিরু মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। কাছুম আলীসহ কয়েকজন ব্যক্তি এই বালু তোলায় বাধা দিয়ে আসছিলেন। এর জের ধরে মনিবার রাতে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন কাছুম আলীকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম বলেন, কাছুম আলী ও রমিজ মেম্বার বালু তুলতে বাধা দিয়েছিলেন। পরে রাতে তাদের ওপর হামলা হয়। এতে কাছুম আলী নিহত ও দুজন আহত হয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত জুম্মনকে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাতে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় জুম্মন ও তার লোকজন দা নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া দেন। একপর্যায়ে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় রমিজ মেম্বার ও হিরু মিয়া নামে দুজন আহত হয়েছেন। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।