logo

ঘরে খাবার খেয়ে অচেতন ৫ জন

ঘরে খাবার খেয়ে অচেতন ৫ জন

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়া ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাত ৯টার দিকে রাতের খাবার খাওয়ার পর তারা একে একে অচেতন হয়ে পড়েন।

শনিবার (৭ মার্চ) দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করেন।

অসুস্থরা হলেন—কবির আহম্মদের ছেলে নুর হোসেন রাসেল ও সাব্বির, রাসেলের স্ত্রী মুকলিমা আক্তার ঋতু এবং ওই বাড়িতে বেড়াতে আসা স্বজন মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী বিবি কুলসুম।

স্থানীয় সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে ২ নম্বর রাজাপুর ওয়ার্ডের ভবানীপুর গ্রামের হাট খোলা বাড়ির কবির আহম্মদের ঘরে ঘটনাটি ঘটে। অসুস্থদের প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রুবাইয়াত বিন করিম জানান, হাসপাতালে আনা রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নুর হোসেন রাসেল বলেন, আমার স্ত্রী ও আমার আন্টি কুলসুমের অবস্থা ভালো না। তাদের হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেওয়া হচ্ছে। তারা কথা বলতে পারছেন না। ডাক্তার তাদের পর্যবেক্ষণে রেখেছেন।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল আজিম নোমান জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।