logo

‘হয় ওসি থাকবেন, নয়তো চাঁদাবাজ থাকবে’ চিফ হুইপের কঠোর হুঁশিয়ারি

‘হয় ওসি থাকবেন, নয়তো চাঁদাবাজ থাকবে’ চিফ হুইপের কঠোর হুঁশিয়ারি
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি: এশিয়া পোস্ট

বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজি, দখলদারি, মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, চাঁদাবাজি করে যারা খাবেন, চাঁদাবাজির কোনো জায়গা পাথরঘাটায় নেই। ওসি সাহেব, আপনাকে আমি এখানে বললাম, চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন, নয়তো চাঁদাবাজ থাকবে। সন্ত্রাসী আর দখলবাজ পাথরঘাটায় থাকতে পারবে না।

শুক্রবার (১৬ অক্টোবর) পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম মণি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনাকে (ওসি) দায়িত্বে রাখা হবে না। আগামী দুই মাস টাইম, দুই মাস। কিশোর গ্যাং উল্টিয়ে গাছে ঝুলাবেন। কোনো কিশোর গ্যাং থাকতে পারবে না।

তিনি আরও বলেন, আমার নাম নিয়ে আউয়াল নামে এক ব্যক্তি কোথায় কী করার কথা বলে চাঁদা খেয়েছে। আউয়ালসহ আরও একজন এখন পলাতক। আউয়ালকে আপনি (ওসি) ধরবেন এবং সেই মামলায় গ্রেপ্তার দেখাবেন। চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো জায়গা নেই, সন্ত্রাসীদের কোনো দল নেই।

সভায় উপস্থিত সবার উদ্দেশে চিফ হুইপ বলেন, আমার নাম নিয়ে যদি কেউ দখলবাজি করে, আমি টেলিফোন ধরতে পারি না, আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখবেন। আমি রাতে মেসেজ দেখি। কোস্টগার্ডের সোর্স যারা আছেন, তারা সাবধান হইয়েন। প্রয়োজন হলে আমি সবাইকে গ্রেপ্তার করাব। তারা থানায়ও দালালি শুরু করেছেন, থানায় দালালি বন্ধ কইরেন।