logo

সন্তানের অভিযোগে মাদকাসক্ত বাবার কারাদণ্ড

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
সন্তানের অভিযোগে মাদকাসক্ত বাবার কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত বাচ্চু মিয়া। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকাসক্ত বাচ্চু মিয়াকে (৪৬) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম তারেক।

এর আগে বুধবার (৬ মে) বিকেলে উপজেলার দক্ষিণ বাশজানী এলাকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকসেবন করে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন বাচ্চু মিয়া। অতিষ্ঠ হয়ে তার ছেলে মমিনুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ মে অতিরিক্ত মাদকসেবনের পর বাচ্চু মিয়া অসংলগ্ন আচরণ শুরু করেন এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। বাচ্চু মিয়া বাড়ির সামনে দা হাতে অবস্থান করছিলেন, যা পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর সমাধান হয়নি।

ভূরুঙ্গামারী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও আমিনুল ইসলাম তারেক জানান, অভিযোগ পেয়ে পুলিশের মাধ্যমে বাচ্চু মিয়াকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।