ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালাল ডাকাত দল

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির চেষ্টা করেছে একদল ডাকাত। এ সময় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি টের পেয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন উত্তর মালিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজন ডাকাত অস্ত্র নিয়ে মালিভিটা এলাকায় প্রবেশ করে। প্রবেশের আগে তারা দায়িত্বরত এক নৈশপ্রহরীকে বেঁধে ফেলে। পরে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা চিৎকার শুরু করেন। এতে ডাকাত দল আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা মো. সুমন বলেন, রাতে হঠাৎ ২০-২৫ জন লোক অস্ত্র নিয়ে এলাকায় ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। প্রথমে একটি বাড়িতে প্রবেশ করতে ব্যর্থ হয়ে আরেক গলিতে প্রবেশ করে। এরমধ্যে লোকজনের চিৎকারে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ডাকাতির উদ্দেশ্যে একটি দল এলাকায় প্রবেশ করেছিল। স্থানীয়দের সতর্কতায় তারা সফল হতে পারেনি। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।