বাথরুমে ৫ রাউন্ড গুলি ছুড়ে পালাল হেলমেটধারীরা

খুলনা মহানগরীর চানমারি অ্যাপ্রোচ রোডের খ্রিষ্টান পাড়ায় একটি বাড়িতে ঢুকে বাথরুমের ভেতরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুড়েছে হেলমেট পরা দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হননি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর চানমারি অ্যাপ্রোচ রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এস এম মুজাহিদুল আজিজ (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির প্রবেশগেট খুলে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। তাদের সবার মাথায় হেলমেট ছিল। পরে তারা বাড়ির বাথরুমের দরজা খুলে ভেতরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে বাড়ির লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
এস এম মুজাহিদুল আজিজ ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল আজিজের ছেলে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এ গুলি ছোড়া হয়েছে। যাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তিনি ওই সময় বাড়িতে ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় সন্ত্রাসী গ্রুপ নুর আজিমের অনুসারীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

