স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন পেদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের পদ ব্যবহার করে নির্বাচনের প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
সরেজমিনে দেখা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী নিজ নিজ ব্যানার-ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। একইভাবে আলমগীর হোসেন পেদাও চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। তবে তার ব্যবহৃত ব্যানার-ফেস্টুনে নিজেকে নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ‘যুগ্ম আহ্বায়ক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট কমিটির তথ্য অনুযায়ী, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে রয়েছেন শরিফ ওহিদুজ্জামান উজ্জ্বল এবং সদস্য সচিব বিএম আজিজুল হাকিম। এ ছাড়া কমিটিতে ৯ জন যুগ্ম আহ্বায়ক থাকলেও সেখানে আলমগীর হোসেন পেদার নাম নেই।
অভিযোগের বিষয়ে আলমগীর হোসেন পেদা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে গোপনে ধারণ করা একটি ভিডিওতে তিনি দাবি করেন, তার কোনো আনুষ্ঠানিক পদ না থাকলেও আহ্বায়ক ও সদস্য সচিবের অনুমতিক্রমেই তিনি নিজেকে যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। তিনি আরও বলেন, দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় থাকার কারণে এবং কয়েকজন যুগ্ম আহ্বায়ক দেশের বাইরে থাকায় তাকে এভাবে পরিচয় দিতে বলা হয়েছে। শিগগিরই তাকে এ পদে অন্তর্ভুক্ত করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিএম আজিজুল হাকিম বলেন, আলমগীর আমাদের সঙ্গে রাজনীতি করে এবং দলীয় কার্যক্রমে অংশ নেয়। কিন্তু সে নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নয়। কেন সে এই পদ ব্যবহার করে ব্যানার-ফেস্টুন করেছে, সে বিষয়ে তাকে মৌখিকভাবে জিজ্ঞাসা করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
.png)






